বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে তিন্দু বাজার ঘাটের ভাটির অংশে নদের ঘাট থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পর্যটকের নাম মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪)। তিনি ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দীন ও দেলোয়ারা আক্তারের ছেলে। গত শুক্রবার বিকালে থানচি থেকে ইঞ্জিনচালিত নৌকায় উজানের দিকে যাওয়ার পথে বড়পাথর এলাকায় খরস্রোতে নৌকাডুবিতে তিনি নিখোঁজ হন।
নিখোঁজের পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম ও থানচি ফায়ার সার্ভিসের মোট ৮ সদস্যের একটি উদ্ধারকারী দল দিনব্যাপী চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে তিন্দু বাজার ঘাটের ভাটি এলাকায় মাহিয়ানের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানুন সরকার জানান, পানিতে ডুবে পর্যটক মারা যাওয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। বর্তমানে নিহতের অভিভাবকরা থানচিতে অবস্থান করছেন এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।