খুলনায় মধ্যরাতে ইটভাটায় ঢুকে ফখরুল শেখ (৩৫) এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে ও যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রদলনেতা এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
ফখরুলের স্বজনরা জানান, রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের। সেখানে বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝে মধ্যে রাতে সেখানে থাকতেন। গত রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।
রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, রাত ১টার দিকে কয়েকজন ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।