বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে ১১ বছর বয়সী মেয়েকে সাঁতার শেখাতে নিয়ে গিয়েছিলেন বাবা। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় মেয়ে। তাকে উদ্ধার করতে গিয়ে বাবাও নিখোঁজ হয়েছেন। গতকাল সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহির চর খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) ও তার মেয়ে রাফা আক্তার (১১)। মহিদুর পেশায় ব্যবসায়ী ও মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে মেয়ে রাফাকে সাঁতার শেখাতে ধলেশ্বরী নদীতে নিয়ে যান মহিদুর। প্লাস্টিকের বোতলে ভর দিয়ে সাঁতার কাটার চেষ্টা করছিল রাফা। একপর্যায়ে বোতলের মুখ খুলে ভেতরে পানি প্রবেশ করলে তলিয়ে যায় সে। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন। সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আরিচা নদীবন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়। তবে তাদের সন্ধান পাওয়া যায়নি।
ডুবুরি দলের নেতা দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, বাবা ও মেয়েকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।