ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের ব্রেইনের অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে জানিয়েছেন নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, ব্রেইন থেকে প্রায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এ কারণে অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না।
শুক্রবার (৭ মার্চ) সকাল ১১টায় ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ব্রিফিংয়ে সাবেক ঢাবি উপাচার্যের সবশেষ অবস্থা জানানো হয়।
এ সময় অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘স্যারের ব্লাড প্রেসার ঠিক আছে। রক্ত দেয়ার পর প্ল্যাটিলাইট কাউন্ট এক লাখের বেশি। ইউরিন আউটপুট স্বাভাবিক, হার্টের অবস্থাও ঠিক আছে। কিন্তু গত রাতের তুলনায় ব্রেইনের অবস্থার কিছুটা অবনতি হয়েছে। প্রায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এ কারণে অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। ব্রেইনের অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকরা অপারেশনের প্রক্রিয়া করতে পারেন’।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্লাবে (রমনায়) গিয়েছিলেন সাবেক ঢাবি উপাচার্য। সেখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রথমে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।