খুলনায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির একজনকে গুলি করে হত্যা

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, নিহত নাসিমুল করিম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে

খুলনার দিঘলিয়া উপজেলায় মো. নাসিমুল করিম (৫৫) নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, নাসিমুল করিম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিহত নাসিমুল ফরমাইজথানা এলাকার মৃত আবদুর গফুরের ছেলে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়ার ফরমাইশখানা এলাকায় তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে বসে ছিলেন নাসিমুল করিম। এ সময় মোটরসাইকেলে করে দুজন এসে তারা নাসিমুলকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে দ্রুত পালিয়ে যান।

পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ নাসিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, নিহত নাসিমুল করিম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার বা চরমপন্থী দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

আরও