মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধ বালুর ড্রেজার নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পুলিন্দারপাড় ও বিন্দুসার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আব্দুল্লাহপুর ইউনিয়নের বিন্দুসার এলাকার ইকবাল হোসেন ও পুলিন্দারপাড় এলাকার কামাল সাউদের মধ্যে ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গতকাল রাতে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে দুই গ্রামের মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীকে সংঘর্ষে অংশগ্রহণের আহ্বান জানালে পরিস্থিতি আরো দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। এলাকায় আতঙ্ক ছড়াতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি দুই পক্ষের সংঘর্ষে ১০ থেকে ১২ জন আহত হন। সেই ঘটনার জের ধরে আবারো উত্তেজনা তৈরি হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, রাতে সহিংসতা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে টহল জোরদার করা হয়েছে। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।