টানা তিন দশকেরও বেশি সময় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার সেলিনা আক্তার। ৩২ বছরের কর্মজীবনে মা ও নবজাতকের সেবায় অসামান্য অবদানের জন্য প্রশংসিতও হয়েছেন তিনি। দায়িত্বশীলতা ও মানবিক আচরণের কারণে রোগী ও স্বজনদের ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন। ৩০ ডিসেম্বর ছিল তার চাকরিজীবনের শেষ কর্মদিবস। বিদায়বেলায় পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। গতকাল দুপুরে সহকর্মীরা তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে সম্মান জানিয়ে বিদায় জানান। সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছাও দেয়া হয় তাকে।