রাজশাহীতে জুয়েলারি দোকান বন্ধের ঘোষণা

রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় জুয়েলারি দোকানে চুরির ঘটনায় সব স্বর্ণের দোকান বন্ধ ঘোষণা করেছে বাজুস।

দুর্বৃত্তরা কারুশ্রী জুয়েলার্স থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা (চাঁদি) ও নগদ ২০ লাখ টাকা চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সকালে নগরীর সমবায় মার্কেটে দোকান খুলতে এসে মালিক পক্ষ চুরির বিষয়টি জানতে পারে।

ক্ষতিগ্রস্ত কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার বলেন, ‘পাশের দোকান থেকে আমার দোকানে ঢুকে চুরি করেছে। দোকানের প্রায় সব মালপত্র নিয়ে গেছে। এর সুষ্ঠু বিচার চাই। পাশেই একটি হোস্টেল রয়েছে। সেখানে নাইটগার্ড ও কেয়ারটেকার থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা বোধগম্য নয়। সারা জীবনের অর্জিত সম্পদ চোর নিয়ে গেছে।’

বাজুসের রাজশাহী জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু বলেন, ‘প্রাথমিকভাবে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা ও নগদ ২০ লাখ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। চুরি হওয়া মালাপত্র উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত রাজশাহীর সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এ বিষয়ে রাজশাহী মহানগর উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিআইডির একটি টিম তথ্য সংগ্রহ করছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশি কার্যক্রম শুরু করা হয়েছে।’

আরও