চট্টগ্রামে অভিযান চালিয়ে ২০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সামুদ্রিক মৎস্য দপ্তর। গতকাল চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। বঙ্গোপসাগরে সরকার ঘোষিত ৬৫ দিন নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
সামুদ্রিক মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, অভিযান পরিচালনাকারী দল চট্টগ্রামের উপকূলীয় আকমল আলী ঘাট ও কাঠগড়ের বেড়িবাঁধ এলাকায় গিয়ে মাছ ধরার সময় ২০০ কেজি ইলিশ মাছ জব্দ করে। অভিযান শেষে সামুদ্রিক মৎস্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা মাছ ৫৬ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেয়া হয়।
সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা মো. জহিরুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন পরিদর্শক সৈয়দ হূমায়ূন মোরশেদ, পরিদর্শক দেওয়ান নজরুল ইসলাম।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছের প্রজনন ও বৃদ্ধিকে সামনে রেখে সামুদ্রিক মাছের প্রতি বছরের ন্যায় এবারো ২০ মে থেকে ২৩ জুলাই সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।