ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৩৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৩০ জনের মৃত্যু হয়েছে। আর মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩০৯ জন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৪০১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন।