জীবনে সফল হওয়া সহজ তবে সার্থকতা অর্জন করা বড় কঠিন। আর এজন্য আপনাকে সৎ হতে হবে। সঙ্গে থাকতে হবে নির্ভুলতা। এ দুটির সমন্বয় ঘটাতে পারলেই সার্থকতা অর্জন করা সম্ভব। কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে মেহেরপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের নিয়ে তিনদিনের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকতার মাধ্যমে আপনি আপনার সার্থকতা দ্রুত অর্জন করতে পারবেন। কারণ এ পেশা থেকেই আপনি বৃহত্তর জনগোষ্ঠীর উপকারে আসতে পারেন। অন্য কোনো পেশা থেকে এটি দ্রুত অর্জন করা সম্ভব নয়। এজন্য দরকার নির্ভুলতা। আপনি যদি ২০টি রিপোর্ট নির্ভুলতার সঙ্গে করতে পারেন, একটি রিপোর্ট যদি ভুল হয় তাহলে আপনার সব অর্জন শেষ হয়ে যাবে একটি মাত্র ভুলের কারণে। আপনি নিজেকে আলোচনায় রাখার জন্য ফেক নিউজ করতে পারেন, এতে আপনার আত্মমর্যাদা তৈরি হবে না। অনেক বেশি রিপোর্ট করার জন্য আপনি সামনে যা পেলেন তা দিয়ে রিপোর্ট তৈরি করে দিলেন। দিন শেষে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় নাও যেতে পারেন। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতায় উন্নতি করতে পারেন। এজন্যই এ প্রশিক্ষণে সব সাংবাদিকের অংশ নেয়া উচিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুর হক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক।
পরে প্রশিক্ষণে অংশ নেয়া টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার ৭০ জন সাংবাদিকের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।