চুয়াডাঙ্গায় ভারত সীমান্ত থেকে তিন বছর ধরে উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটলিয়ন দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ২০২০ সালের জুন মাস থেকে ২০২২ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে ২৬ হাজার ১৮৮ বোতল ফেনসিডিল, ৪ হাজার ৭৪৯ বোতল মদ, ৩৭ লিটার দেশীয় খোলা মদ, ৭ বোতল বিয়ার, ৬৭০ কেজি গাঁজা, ৬১১টি ইয়াবা, ৩৭ কেজি আলফিকিরি সীসা, ৩৮ গ্রাম ফেচুয়া পাউডার, ৬ হাজার ১৮৪ প্যাকেট ভারতীয় সিগারেট, ৩ হাজার ৩৩৬ প্যাকেট ভারতীয় বিড়ি, ৫ হাজার ৯৭৯টি নেশা জাতীয় ট্যাবলেট, ২ হাজার ৫৫০টি নেশা জাতীয় ইনজেকশন, ৫ দশমিক ৫২ কেজি হেরোইন ও ৪৭ গ্রাম কোকেন।
মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন পিবিজিএম ও চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল শায়লা চৌধুরী।