টানা বৃষ্টির কারণে গত কয়েকদিন ধরে ঢাকার বাতাসের মান ছিল মাঝারি বা সহনীয়। তবে আজ বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে এ শহরের বাতাসের মান ভালোর কাতারে চলে এসেছে। আইকিউ এয়ারের তথ্য বলছে, এদিন সকাল ১১টায় ঢাকার বাতাসের একিউআই স্কোর ৩৯। বাতাসের এ মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, আজ সকালে পর্তুগালের রাজধানী লিসবন (৫০), জাপানের টোকিও (৫০), কানাডার মন্ট্রিয়াল (৪৯), ফিনল্যান্ডের হেলসিঙ্কি (৪৭), ইতালির রোম (৪৭), যুক্তরাষ্ট্রের লেক সল্ট সিটি (৪৭) ও লস অ্যাঞ্জেলেস (৪৩) এবং নেদারল্যান্ডসের রটেরডামের (৪৬) মতো শহরগুলোকে পেছনে ফেলেছে বিশ্বের অন্যতম দূষিত শহর ঢাকা।
এদিকে ২০২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে কুয়েতের রাজধানী কুয়েত সিটির নাম। ১৬৪, ১৫৯ ও ১৫৪ স্কোর নিয়ে তার পরেই রয়েছে যথাক্রমে মিসরের কায়রো, পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি।
অন্যদিকে একই সময়ে মাত্র ৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বায়ুর শহর রাশিয়ার ক্রাসনোইয়ার্স্ক। ৮ স্কোর নিয়ে দ্বিতীয় কলম্বিয়ার বোগোটা। আর ১৩ স্কোর নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি রয়েছে এই তালিকার তিনে।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।