মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রাম থেকে উদ্ধার করা মর্টার শেল বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। সেই বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত অর্ধ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তীব্র শব্দে মারা গেছে তিনটি গরু। এ ঘটনায় স্থানীয় লোকজন চড়াও হয় পুলিশ এবং গণমাধ্যম কর্মীদের ওপর।
উদ্ধার হওয়া মর্টার শেলটি মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গ্রামটির অর্ধশত ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণে গ্রামটির অর্ধশত বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র শব্দ আশিক নামে এক চাষীর ৩টি গরু মারা গেছে। বিস্ফোরণে প্রায় তিনশো মিটার দূরের একটি দোকানের প্রায় সব কিছু ওড়ে যায়। মসজিদ ও বিল্ডিংয়েও ফাটল ধরেছে।
বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশে থাকা ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি: বণিক বার্তা
ঘটনাস্থলের চার কিলোমিটার দূরে বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা তানিয়া আক্তার বলেন, মঙ্গলবার সন্ধ্যা ঠিক ৭টা ৫৬ মিনিটে আমরা তীব্র ঝাঁকুনি অনুভব করি। প্রথমে বিষয়টিকে আমরা ভূমিকম্প ভাবলেও পড়ে জানতে পারি, আড়ালিয়া গ্রামের উদ্ধার হওয়া মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এদিকে, এই ঘটনার পর স্থানীয়দের জনরোষে পড়ে পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যম কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে স্থানীয় কয়েকজন।
বিষয়টি সম্পর্কে স্থানীয় গণমাধ্যম কর্মী মোয়াজ্জেম হোসেন জুয়েল বলেন,মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানোর পরে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। এই ঘটনার পর উত্তেজিত জনতা আমাদের উপর চড়াও হয়। কেন আমরা বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের মর্টার শেলটি দূরে কোথাও নিয়ে বিস্ফোরণ ঘটাতে বললাম না সেজন্য তারা আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করে।
বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশে থাকা ক্ষতিগ্রস্ত দোকান। ছবি: বণিক বার্তা
বিষয়টি নিশ্চিত করে, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, মর্টার শেলটি নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তেজিত জনতাকে শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর একটি দলও সেখানে রওনা দিয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে গত সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে হানিফ মিয়ার জমিতে বাঁধ নির্মাণের জন্য মাটি কাটার সময় মাটির নিচ থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। প্রথমে এলাকাবাসী এটিকে সোনার মূর্তি কিংবা পুরনো সীমানা পিলার ভেবে নানা গুঞ্জন ছড়িয়ে দেয়। অনেকে সেটি দেখতে ভিড় করেন। পরে বিকালের দিকে বিষয়টি স্পষ্ট হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করে। পরবর্তীতে পুলিশ জানায়, এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল।