গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

গ্যাস সরবরাহ বন্ধ নয়, হ্রাস পাবে

আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে আতঙ্ক সৃষ্টির এ অপচেষ্টা কর্তৃপক্ষের নজরে এসেছে

দেশে আগামী চার দিন গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে না, তবে সরবরাহ কমে যেতে পারে। কক্সবাজারের মহেশখালীতে একটি এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হতে পারে। এ অবস্থায় কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে আতঙ্ক সৃষ্টির এ অপচেষ্টা কর্তৃপক্ষের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে থাকা দুটি টার্মিনালের মধ্যে একটি সামিট এলএনজি জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রাখবে। এর ফলে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

এতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে সরবরাহ কমে গিয়ে গ্যাসের চাপ কম থাকতে পারে।

এ অবস্থায় কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

আরও