ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেয়া হয়। ৬১ বিজিবি ব্যাটালিয়নের ধবলসুতি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোক্তার হোসেন গতকাল সকালে এ তথ্য নিশ্চিত করেন।

ফেরত দেয়া দুই যুবক হলেন পাটগ্রাম উপজেলার রহমতপুর হাটিয়ারভিটা গ্রামের মোস্তাফিজ রহমানের ছেলে মাহফুজ ইসলাম ইমন ও বগুড়ার মহাস্থানগড় এলাকার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাটিয়ারভিটা সীমান্ত এলাকায় নোম্যানসল্যান্ডে মেইন বর্ডার পিলার ৮২৫-এর সাবপিলার ১-এস-এর কাছে ভারতীয় চা-বাগানে প্রবেশ করেন বাংলাদেশী দুই যুবক। সেখানে তারা মোবাইল ফোনে টিকটক ভিডিও ধারণ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

সাজেদুল ইসলাম বলেন, ‘আমরা না বুঝে নোম্যানসল্যান্ডে ভারতীয় চা-বাগানে ঢুকে পড়েছিলাম। চা-বাগানের কয়েকটি ছবি ও ভিডিও ধারণ করছিলাম। এ সময় বিএসএফ সদস্যরা আমাদের ধরে নিয়ে যায়।’

৬১ বিজিবি ব্যাটালিয়নের ধবলসুতি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোক্তার হোসেন বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। আটক দুই বাংলাদেশী যুবককে বিএসএফ হস্তান্তর করেছে।’

এর আগে শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এর প্রতিবাদে বাংলাদেশের কয়েকজন কৃষক দুই ভারতীয় নাগরিককে আটক করে। অবশ্য বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর দুই দেশের নাগরিকদের ফেরত দেয়া হয়েছে।

আরও