চাঁদপুরের মেঘনায় থেমে থাকা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া, আরো ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে। নৌপুলিশ, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি এবং মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো ৩ জনকে। আহত নিহত সবাইকে মাথায় আঘাত করা হয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি। দুপুরে কোস্ট গার্ডের হেড অফিস থেকে ওই জাহাজটি সম্পর্কে জানতে পারি। এ বিষয়ে এখনো অভিযান চলছে। তাৎক্ষণিকভাবে জাহাজে থাকা কারো পরিচয় জানা যায়নি।
ঘটনাটি ডাকাতি কিনা এমন প্রশ্নে মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, এখনই এ বিষয়ে কোনো কিছুই বলা সম্ভব নয়। আমরা পরে আপনাদের এ বিষয়ে বিস্তারিত জানাব।
এদিকে, চাঁদপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সাইফুল ইসলাম বলেন,জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯—থেকে কল পাওয়ার পর ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশের একটি দল। বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন চাঁদপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।