ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়কে থেমে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে এক্সপ্রেসওয়েতে নিমতলা রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বেশ কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে সকালে স্বাভাবিক হয় পরিস্থিতি।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের পাশে ঢাকামুখী লেনে সড়কে থেমে থাকা পণ্যবাহী একটি ট্রাককে পূর্বাশা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বাসের ভেতর আটকে পড়ে যাত্রীরা। ঘটনাস্থলেই বাসটির সুপারভাইজার নিহত হয়।
এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করে, মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।