দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের নদীগুলোকে পুনরুজ্জীবিত করে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সাতক্ষীরার বেতনা-মরিচ্চাপ অববাহিকায় টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বাস্তবায়নের দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। এটি ছাড়া সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনের সম্ভাবনা প্রায় ক্ষীণ বলেও মনে করেন তারা। গতকাল সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুরে আলোচনা সভায় এ দাবি জানান তারা। ‘কমিউনিটি ভিত্তিক টিআরএম পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ।
সভায় সভাপতিত্ব করেন উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিদ আমিন শাশ্বত।
বক্তারা বলেন, টিআরএম বাস্তবায়ন হলে প্রতি বছর প্রায় ৭৫ কোটি টাকার অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব। এতে জলসম্পদের উন্নয়ন, কৃষি উৎপাদন ও মৎস্য আহরণ বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। শুধু কৈখালী ও তেঁতুলিয়া বিল থেকেই প্রায় ৩০ কোটি টাকার অতিরিক্ত কৃষি ও মৎস্য উৎপাদন সম্ভব বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আরো বলেন, সাম্প্রতিক সময়ে বেতনা নদী খনন করা হলেও টিআরএম বাস্তবায়ন না হলে অল্প সময়ের মধ্যেই নদীটি আবারো পলি জমে ভরাট হয়ে যাবে। জোয়ার-ভাটার প্রাকৃতিক প্রবাহের মাধ্যমে নদীর পলি নিচু বিল অঞ্চলে সরিয়ে নদীর নাব্য রক্ষা ও উর্বরতা বৃদ্ধি—এ দুই লক্ষ্যই টিআরএম পদ্ধতির মাধ্যমে অর্জন করা সম্ভব।
তাদের মতে, সরকারের ডেল্টা প্ল্যান-২১০০ এ জোয়ার-ভাটার নদী ব্যবস্থাপনার অংশ হিসেবে টিআরএম বাস্তবায়নের সুপারিশ রয়েছে। তাই শুধু খনন বা অবকাঠামো নির্মাণ নয়, টিআরএমই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনের একমাত্র টেকসই সমাধান।