পূবালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
আজ সোমবার (৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় ও উলপুর মহিলা দাখিল মাদ্রাসায় পৃথকভাবে ফলদ, ঔষধি, বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় পূবালী ব্যাংক পিএলসির গোপালগঞ্জ শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল, উলপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার একেএম সাইফুল্লাহ, উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস, সহকারি প্রধান শিক্ষক রতন চন্দ্র পালসহ শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল বলেন, ‘পূবালী ব্যাংক পিএলসির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জেও এ অভিযান শুরু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গোপালগঞ্জ সদর উপজেলা, মুকসুদপুর উপজেলা, কাশিয়ানী উপজেলা ও কোটালীপাড়া উপজেলায় মোট ৭৯৫টি বৃক্ষের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে। ব্যাংকের পক্ষ থেকে আমরা স্কুল, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। সেখানে আম, কাঁঠাল, মেহগুণী, নিম, নারকেল, কৃষ্ণচূড়া ও বকুল গাছের চারা রোপণ করছি। সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি নিয়েছে। সরকারের এ কর্মসূচি সফল করতে আমাদের ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হচ্ছে। এতে পরিবেশ রক্ষা পাবে, দেশ সবুজায়ন হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দেশ উপযোগী হয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করি।’