যশোরের ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে পাঁচ দফা দাবিতে গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, ভবদহ জনপদের ২০০ গ্রামের প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষ একটি অশুভ চক্রের কারণে ডুবতে বসেছে।
এ এলাকায় সৃষ্টি হয়েছে মহাবিপর্যয়কর পরিস্থিতি।
পানি উন্নয়ন বোর্ড, পানিসম্পদ মন্ত্রণালয়, ঠিকাদার, রাজনৈতিক দুর্বৃত্ত ও ঘের মালিকেরা সিন্ডিকেট গড়ে তুলে প্রতি বছর জনগণকে জিম্মি করে কোটি কোটি টাকা লুটের স্থায়ী ব্যবস্থা করে নিয়েছে।
ভবদহ স্লুইস গেট হলো ‘সোনার ডিম পাড়া হাঁস’। ভবদহ স্লুইস গেটের কোনো কার্যকারিতা নেই।
এ স্লুইস গেটই স্থায়ী জলাবদ্ধতার প্রধান কারণ।
প্রধানমন্ত্রীর ঘোষণা ‘নদী বাঁচলে দেশ বাঁচবে’। কিন্তু এ চক্র এতই ক্ষমতাবান যে সে ঘোষণাকে বৃদ্ধাঙুলি দেখানোর ধৃষ্টতা দেখিয়ে ভবদহ স্লুইস গেট থেকে মোহনা পর্যন্ত ৫০-৬০ কিলোমিটার নদী ভরাট করে ফেলেছে।
পানি বের হওয়ার পথ রুদ্ধ। স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রনজিত বাওয়ালী, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গাজী, সদস্য সচিব অধ্যাপক চৈতন্য কুমার পাল, জিল্লুর রহমান ভিটু, শিবপদ বিশ্বাস, শেখর বিশ্বাস, রাজু আহমেদ, প্রিয়ব্রত ধর, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুরুল ইসলাম, মিজানুর রহমান, বিপুল বিশ্বাস প্রমুখ।