চট্টগ্রাম বন্দরে নতুন শুল্ক কার্যকর ১৫ অক্টোবর

গেজেট অনুযায়ী ট্যারিফ কার্যকরের তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর। তবে চবক বোর্ডের ১৬ সেপ্টেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, এ ট্যারিফ কার্যকর হওয়ার সময় এক মাস পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন শুল্ক ‘ট্যারিফ অন গুডস অ্যান্ড ভেসেলস এক্সসেট্রা ফর চিটাগং পোর্ট অথোরিটি- ২০২৫' আগামী ১৫ অক্টোবর কার্যকর হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত ১৪ সেপ্টেম্বর এসআরও নং–৩৬৪-আইন/২০২৫ এর মাধ্যমে এ বিষয়ে গেজেট প্রকাশ করে।

গেজেট অনুযায়ী ট্যারিফ কার্যকরের তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর। তবে চবক বোর্ডের ১৬ সেপ্টেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, এ ট্যারিফ কার্যকর হওয়ার সময় এক মাস পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, ১৪ অক্টোবর রাত ১২টার পর বন্দরে আগত সব জাহাজের ভেসেল বিল, কনটেইনার বিল ও কার্গো বিল নতুন ট্যারিফ অনুযায়ী আদায় করা হবে। সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দরের সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকেও ওই সময় থেকে নতুন হারে মাশুল পরিশোধ করতে হবে।

শিপিং এজেন্টদের তফসিলি ব্যাংকে খোলা রিভলভিং অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে চবক। ওই অ্যাকাউন্টে নতুন ট্যারিফ অনুযায়ী অর্থ সংরক্ষণ থাকলেই আগত জাহাজের জন্য 'নো অবজেকশান সার্টিফিকেট (এনওসি) ইস্যু করা হবে।

চবক সূত্র জানায়, নতুন ট্যারিফ কার্যকর করার প্রক্রিয়ায় ভেসেল, কার্গো ও কনটেইনার বিল প্রস্তুতে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় আপডেট, সিস্টেম আপগ্রেডেশন এবং সিস্টেম ভ্যালিডেশন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বণিক বার্তাকে বলেন, ‘আইন মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট অনুযায়ী নতুন ট্যারিফ কার্যকর করতে চবকের বাধ্যবাধকতা রয়েছে। তবে বাস্তব প্রয়োগের সুবিধার্থে বোর্ড সিদ্ধান্ত নিয়ে কার্যকর হওয়ার তারিখ ১৫ অক্টোবর নির্ধারণ করেছে। নির্দিষ্ট সময় থেকে নতুন ট্যারিফ বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।’

চবকের কর্মকর্তারা আরো জানান, গেজেট আকারে প্রকাশিত এ নতুন ট্যারিফ নির্ধারিত সময় থেকে দ্রুততার সঙ্গে, নিরবচ্ছিন্নভাবে ও নির্ভুলভাবে বাস্তবায়নের সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও