কিউএস সাবজেক্ট র‌্যাংকিংয়ে এগিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের উচ্চশিক্ষা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে।

কৃষি ও বনায়ন (এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি) ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ প্রভাবশালী বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে ৪০১-৪৭৫তম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। ২৫ মার্চ কিউএস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।

এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাংকিংয়ে গাকৃবির অবস্থান ছিল ১০৭১-১০৮০-এর মধ্যে। মাত্র এক বছরের ব্যবধানে যে ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে তা গাকৃবিকে নতুন মাত্রায় সমৃদ্ধ করেছে বলে মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

র‌্যাংকিংয়ে কৃষি ও বনায়ন ক্যাটাগরিতে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভারসিটি অ্যান্ড রিসার্চ প্রথম ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভারসিটি দ্বিতীয় স্থানে রয়েছে। র‌্যাংকিংয়ে বিশ্বের ১০০টি উচ্চশিক্ষা ব্যবস্থার অধীনে ১ হাজার ৯০০টির বেশি প্রতিষ্ঠানের ২১ হাজারেরও বেশি একাডেমিক গ্রোগ্রামকে ৫৫টি বিষয় ও পাঁচটি ফ্যাকাল্টির ক্ষেত্রে তুলনামূলকভাবে মূল্যায়ন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের সমগ্র পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটি কেবল একটি র‌্যাংকিংয়ে উন্নীত হওয়ার প্রসঙ্গ নয়, বরং দেশের কৃষিশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। তবে আমরা এখানেই থেমে না গিয়ে সামগ্রিকভাবে কীভাবে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের সারিতে আসা যায় সে প্রচেষ্টা অব্যাহত রাখব।’

আরও