করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দুই সপ্তাহের জন্য ভারত থেকে স্থলপথে যাত্রী আসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আজ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আমাদের নাগরিকদের রক্ষায় দুই সপ্তাহের জন্য লোক আসা বন্ধ করছি আমরা। তবে স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন চলবে।
চলাচলে বিধিনিষেধের কারণে আগে থেকেই ভারতের সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ আছে। এখন স্থলপথেও যাত্রী আসা বন্ধ হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাত্রী আসা বন্ধ থাকলেও যেসব বাংলাদেশীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কভিড টেস্ট ও কলকাতা মিশনের ছাড়পত্র সাপেক্ষে বাংলাদেশে প্রবেশের সুযোগ থাকবে। তাদের দেশে প্রবেশের পর বাধ্যতামূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
১৪ এপ্রিল বাংলাদেশে লকডাউন চালু হওয়ার দিন থেকে ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম বন্ধ রাখলেও বাংলাদেশ ভারতীয়দের জন্য ভিসা দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ভাইরাসের অতি সংক্রামক নতুন ধরনগুলোর কারণে ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে। নতুন ধরন যাতে দেশে ছড়িয়ে না পড়ে সে কারণে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করার দাবি কয়েকদিন ধরেই দেশে আলোচনায় ছিল।
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় প্রবাহের কারণে ভারতে টানা চারদিন ধরে শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্ব রেকর্ড হচ্ছে। ভারতে শনাক্ত কভিড-১৯ রোগীর সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৯২ হাজার ৩১১-তে।