চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম (৫৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ রোববার ভোর ৬টায় নগরের প্রবর্তক মোড়ের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নগরের মুরাদপুরে এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন ড. জাহাঙ্গীর। রোববার দিবাগত রাতে সেহেরি খাওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে তাকে সিএসসিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর ৬টায় মৃত্যুবরণ করেন তিনি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা পৈত্রিক নিবাসে বাদ জোহর মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
অধ্যাপক ড. জাহাঙ্গীর ফাইন্যান্স বিভাগের সাবেক সভাপতি। ব্যবসায় প্রশাসন অনুষদের সান্ধ্যকালীন কোর্সের জন্য প্রতিষ্ঠিত সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (সিইউসিবিএস) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের এই জ্যেষ্ঠ শিক্ষকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও গভীর শোক জানিয়েছে।