কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসার জন্য আনা হয়েছে। আজ সকালে তিনি মুন্সীগঞ্জের কারাগারে অসুস্থ হয়ে পড়েন।
জানা গেছে, সকাল ছয়টার দিকে দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর পর তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে পাঠান।
দীপু মনিকে নিয়ে হাসপাতালে আসা টিমে ছিলেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু। তিনি বলেন, দীপু মনি সকালে মুন্সিগঞ্জের কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে বর্তমানে নতুন ভবনে মেডিসিন বিভাগে তার চিকিৎসা চলছে।
ডা. দীপু মনি আওয়ামী লীগের টানা ১৫ বছরে শাসনামলে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক দিন পর ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা রয়েছে।