সড়ক সংস্কারে কমেছে ভোগান্তি

দীর্ঘ প্রায় এক যুগ পর পাবনা ক্যাডেট কলেজ থেকে ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা ভায়া ধানুয়াঘাটা-হাটগ্রাম অংশের সাড়ে তিন কিলোমিটার সড়ক সংস্কার হওয়ায় চলনবিল অঞ্চলে স্বস্তি ফিরেছে।

এতে কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা ও চিকিৎসাসেবাও উন্নত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত ২৬ কিলোমিটার এ সড়কটি দীর্ঘদিন চলাচলের অযোগ্য থাকায় চার উপজেলার মানুষকে প্রায় ৬০ কিলোমিটার ঘুরে জেলা সদরে যেতে হতো। এতে পরিবহন ব্যয় বেড়ে কৃষকের ক্ষতি হতো। সড়কটি সংস্কারের ফলে কৃষকরা এখন সহজে ধান, পাটসহ বিভিন্ন ফসল বাজারজাত করতে পারছেন।

চলনবিলের কৃষক জাহাঙ্গীর প্রামাণিক বলেন, ‘চলনবিলে ধান, পাট, গম ছাড়াও পেঁয়াজ-রসুন আবাদ করে বাজারজাত করতে না পেরে কম দামে বিক্রি করতে হতো। এখন সে সমস্যা নেই।’

পাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, ভেড়ামারা-ধানুয়াঘাটা সড়কটি দীর্ঘদিন জীর্ণশীর্ণ অবস্থায় ছিল। নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কারকাজ বাস্তবায়ন করা হচ্ছে, যা এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এনেছে। বাকি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে বলে আশা করেন তিনি।

আরও