ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে নওগাঁয় কফিন মিছিল করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমা নামাজ শেষে মুক্তির মোড় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ কফিন মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেডির মোড় এলাকায় পুলিশ সুপারের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে পুলিশ সুপারের বাসভবনের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন তারা।
এ সময় আন্দোলনকারীরা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসে তাদের আশ্বস্ত করলে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা দিয়ে পুলিশ সুপারের বাসভবনের সামনে থেকে চলে যান।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আমরা ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ৩ দিনে ২৩ জন ফ্যাসিস্টের দোসরকে গ্রেফতার করা হয়েছে। জেলায় আমাদের অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। খুব দ্রুতই ফ্যাসিস্টের দোসরদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।