ময়মনসিংহে প্রস্তাবিত বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।

ত্রিশালে সেনাবাহিনীর অধীনে থাকা ১৭৩ দশমিক ২ একর জমির ওপর এ বিশাল কমপ্লেক্সটি নির্মিত হবে। এখানে অন্তত ৩৩টি ভিন্ন ক্রীড়া ইভেন্টের সুযোগ-সুবিধা থাকবে। পুরো প্রকল্পটি বাস্তবায়ন করতে আনুমানিক ৩৫ থেকে ৩৮ হাজার কোটি টাকা খরচ হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স একটি আন্তর্জাতিক মানের ভেন্যু হবে, যা এশিয়ান গেমসের মতো বড় ইভেন্ট আয়োজনে সক্ষম হবে। সবকিছু প্রস্তুত, একমাত্র সীমাবদ্ধতা হলো অর্থায়ন।’

তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে তহবিল বরাদ্দের অনুরোধ জানানোর পাশাপাশি যোগ করেন যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও আর্থিক সহায়তা চাইবে বিওএ।

কমপ্লেক্সের নির্মাণকাজ তত্ত্বাবধান করবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। তবে প্রকল্পের কাজ শেষ করার নির্দিষ্ট সময়সীমা ও চূড়ান্ত বাজেট এখনো সরকারের পক্ষ থেকে অনুমোদিত হয়নি।

আরও