চার দফা দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নিয়েছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। আজ রোববার (১৮ মে) সকাল ১১ টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
তাদের এ কর্মসূচির প্রেক্ষিতে দুপুরে আন্দোলনকারী কর্মীদের সঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম । গত বছর ৩১ মে যারা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের পর্যায়ক্রমে মালয়েশিয়া পাঠানো হবে বলে আশ্বাস দেন তিনি। এছাড়া আন্দোলনে অংশ নেয়া কর্মীদের একটি তালিকাও চেয়েছেন মো. সারওয়ার আলম।
কর্মীদের ৪ দফা দাবি হলো-
২০২৪ সালের ৩১ মে আটকে পড়া প্রত্যেক কর্মীকে অগ্রাধিকারের ভিত্তিতে মালয়েশিয়ায় নিয়ে যেতে হবে।
আটকে পড়া কর্মীদের কবে ও কখন মালয়েশিয়ায় পাঠানো হবে সে ব্যাপারে সঠিক স্মারকলিপি প্রদান করতে হবে।
৩১ মে আটকে পড়া কর্মীদের সমস্যা সমাধানের আগে নতুন করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো যাবে না।
সরকার ঘোষিত ৭ হাজার ৯৬৪ জন কর্মীর সঙ্গে আজকে উপস্থিত কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে।