পটুয়াখালীর লোহালিয়া নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারের দুই শ্রমিক নিহত

পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় তরমুজবাহী ট্রলারে থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার বামনিকাঠি লঞ্চঘাটসংলগ্ন নৌপথে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রলারটি প্রায় ৪০০ তরমুজসহ নদীতে ডুবে যায়। আহত হয়েছেন আরো দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের আলী ফকিরের ছেলে নাসির ফকির (৩৬) ও নলুয়া গ্রামের আজাদ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী থেকে চারজন তরমুজচাষী ৪০ হাজার টাকায় একটি ট্রলার ভাড়া করেন। সঙ্গে দুজন ট্রলার মালিককে নিয়ে প্রায় ৪০০ তরমুজসহ বরিশালের উদ্দেশে রওনা হন। একই সময় ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছিল এমভি আওলাদ-৭ নামে একটি ডাবল ডেকার লঞ্চ। ভোর সাড়ে ৩টার দিকে বামনিকাঠি এলাকায় ট্রলারটিকে ধাক্কা দেয় লঞ্চটি। এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে ছয়জন ছিলেন। তাদের মধ্যে তিনজন কেবিনে অবস্থান করছিলেন। তাদের মধ্যে একজন বের হতে পারলেও রেজাউল ও নাছির ভেতরে আটকা পড়েন। এ ঘটনার পর এমভি আওলাদ-৭ লঞ্চটির রুট পারমিট ও সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে বিআইডব্লিউটিএ।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর থেকেই পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও