তিন টেকনোলজিস্ট নিজেরা আক্রান্ত হওয়ায় নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ বন্ধ রেখেছে বরিশাল সিটি করপোরেশন। টেকনোলজিস্টের সংকট থাকায় উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গেলে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে সদর হাসপাতালে। তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবার টেকনোলজিস্টই নেই। এমন পরিস্থিতিতে বরিশালের উপসর্গ নিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিতে ঘুরতে হচ্ছে হাসপাতালের দ্বারে দ্বারে।
নগরীর মুন্সী গ্যারেজ এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, তিনি কিছুদিন ধরে জ্বরে ভুগছেন। শেবাচিম হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেয়া হয়। তবে হাসপাতালে নমুনা দিতে গিয়ে তিনি জানতে পারেন, সেখানে সেদিনের নির্ধারিত পরিমাণ নমুনা সংগ্রহ করা হয়ে গেছে। তাই তাকে সদর হাসপাতালে যেতে বলা হয়।
সদর হাসপাতালের টেকনোলজিস্ট মো. নওয়াব জানান, কয়েক দিন ধরেই শেবাচিম হাসপাতালের বহির্বিভাগের রোগীদের নমুনা দেয়ার জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। অথচ শেবাচিমেই করোনার নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে।
এ বিষয়ে জানতে চাইলে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল শুধু ভর্তি থাকা রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ করছে। কিন্তু আমরা বাইরের রোগীদেরও পরীক্ষা করছি। এটি করতে গিয়ে এ হাসপাতালের সক্ষমতার দ্বিগুণ নমুনা সংগ্রহ করতে হচ্ছে। এখন সক্ষমতার অধিক নমুনা সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই কিছু লোক সদর হাসপাতালে যাচ্ছে।
বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শুভ্র খন্দকার বলেন, মেয়রের নির্দেশে শুরু থেকেই নগর স্বাস্থ্য বিভাগ সরাসরি, অনলাইন ও মোবাইলে করোনা উপসর্গ থাকা এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা দিয়ে আসছে। বিশেষ করে যারা নগরের মধ্যে আক্রান্ত হচ্ছেন, তাদের আইসোলেট করা, নমুনা সংগ্রহ এবং চিকিৎসার ব্যবস্থার কাজটি গুরুত্বের সঙ্গে করা হচ্ছে। তবে সম্প্রতি আমাদের তিনজন টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হওয়ায় নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, গোটা জেলায় টেকনোলজিস্টের সংকট রয়েছে। বরিশালের ১০টি উপজেলার মধ্যে সাতটি স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন টেকনোলজিস্ট রয়েছেন। হিজলা, মুলাদী ও মেহেন্দীগঞ্জ—এ তিন উপজেলায় কোনো টেকনোলজিস্ট নেই। তবে নমুনা সংগ্রহের জন্য ওই তিন উপজেলায় অন্য স্টাফদের প্রশিক্ষণ দিয়ে বিকল্পভাবে নমুনা নেয়া হচ্ছে। আর যে উপজেলায় একজন রয়েছেন, সেখানেও অন্য স্টাফদের প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে, যেন কেউ অসুস্থ হলে বিকল্প লোক দিয়ে নমুনা সংগ্রহ করা যায়।
তিনি বলেন, শেবাচিম থেকে সম্প্রতি যে রোগীদের নমুনা দেয়ার জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে, তাদের আমরা ফিরিয়ে দিচ্ছি না। তবে একজন টেকনোলজিস্টের পক্ষে এত চাপ নেয়া সম্ভব না।