জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, রাজনৈতিক দল ও সংগঠন এবং তাদের সংশ্লিষ্ট সব কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ সৃষ্টি করেছে, বাংলাদেশে সাম্প্রতিক এমন আইন সংশোধন নিয়ে আমি উদ্বিগ্ন। এটি সংগঠিত হওয়া, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে অযথা সীমিত করে।
সোমবার (১৬ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এ উদ্বেগ জানান।
ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি সাধন করছে দেখে আমি উৎসাহিত। আমি অর্থবহ সংস্কারমূলক অগ্রগতির আহ্বান জানাই, যাতে একটি স্বাধীন ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়। তবে আমি সাম্প্রতিক আইন সংশোধন নিয়ে উদ্বিগ্ন, যা রাজনৈতিক দল ও সংগঠন এবং তাদের সংশ্লিষ্ট সব কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ সৃষ্টি করেছে। এটি সংগঠিত হওয়া, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে অযথা সীমিত করে।
বক্তব্যের আরেকটি অংশে ভলকার বলেন, একটি বাণিজ্য যুদ্ধের ধাক্কা সবচেয়ে অনুন্নত দেশগুলোকে সুনামির মতো তীব্রতায় আঘাত করবে। ক্যারিবীয় দেশ এবং ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। যেসব দেশের রফতানি খাত বড়, যেমন বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলংকা ও ভিয়েতনাম—তাদের ওপর এর প্রভাব হতে পারে ধ্বংসাত্মক।