নরসিংদীতে সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইন

নরসিংদীর সিএনজি ফিলিং স্টেশনগুলোয় গ্যাস সংকট দেখা দিয়েছে।

এতে গ্যাস নিতে চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যেসব ফিলিং স্টেশন এখনো সরবরাহ করছে, সেখানে গ্যাসের চাপ খুব কম বলে জানা গেছে। কোথাও কোথাও সাময়িকভাবে গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে।

গতকাল ভোর থেকেই গ্যাস নেয়ার জন্য বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক সিএনজিচালিত অটোরিকশাচালককে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তাদের অভিযোগ, এতে একদিকে যেমন মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে নির্ধারিত সময়ে গাড়ি চালাতে না পারায় কমে যাচ্ছে আয়। ফলে পরিবার-পরিজন নিয়ে আর্থিক কষ্টে পড়েছেন।

সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রাকিব হোসেন বলেন, ‘খুব সকালে গ্যাস নিতে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়েছি। কখন গ্যাস পাব কোনো নিশ্চয়তা নেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে করতে দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে। এরপর গাড়ি চালানোর সময়ও থাকে না। আমাদের আয় কমে গেছে, কিন্তু সংসারের খরচ তো কমেনি।’

স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্যাস সংকটের কারণে চালকদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। অনেক সময় জরুরি কাজে যাওয়ার জন্যও সহজে সিএনজিচালিত অটোরিকশা পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত এ সমস্যার সমাধান করা উচিত।’

যাত্রী মো. হাবিবুর রহমান বলেন, ‘অনেক সময় চালককে গ্যাস নেয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে যাত্রীদের যেমন সময় নষ্ট হচ্ছে, চালাকদেরও তেমন আর্থিক ক্ষতি হয়। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাব।’

এপেইস ফিলিং লিমিটেডের ম্যানেজার ইঞ্জিনিয়ার সৈয়দ ইকবাল হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘গ্যাস নিতে আসা বিপুলসংখ্যক যানবাহনের চাপ সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরো চার থেকে পাঁচদিন লাগতে পারে।’

আরও