রাঙ্গামাটির পাহাড়ি এলাকায় ভোটারদের সারি, শহরে উপস্থিতি তুলনামূলক কম

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলা শহরের কেন্দ্রগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি আছে, তবে কম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটিতে সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেন। পাহাড়ি গ্রামগুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। তবে জেলা শহরে উপস্থিতি তুলনামূলকভাবে কম।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলা শহরের কেন্দ্রগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি আছে, তবে কম।

রাঙ্গামাটির একটি কেন্দ্রে একজন নারীকে ভোট দিতে দেখা যাচ্ছে। ছবি: বণিক বার্তা

অন্যদিকে, দুপুর ১২টায় সাপছড়ি ইউনিয়নের শুকরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা গেছে, দীর্ঘ ভোটার সারি। এখানে মোট ভোটার ১ হাজার ৯৪ জন। ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৪০টি। ভোটগ্রহণের হার ৩১ শতাংশ। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ ইব্রাহিম বলেন, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩১ শতাংশ।

এছাড়া নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের হাজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে ভোটারদের কোনো সারি না থাকলেও ভোটাররা সুষ্ঠুভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৩৯ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ৩৩৫টি। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সোহেল বড়ুয়া বলেন, সকালে ভোটার উপস্থিতি ভালো ছিল, এখন আবার কিছুটা কমেছে।

রাঙ্গামাটির রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী সকালে শহরের কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

ভোট দিতে আসা তরুণ ভোটার রয়েল চাকমা জানান, তিনি কোনো ঝামেলা ছাড়াই সুন্দর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। প্রথমবারের মতো ভোট দিতে পেরে নতুন ভোটার উজ্জ্বল চাকমাও নিজের ভালো লাগার কথা জানিয়েছেন। তিনি বলেন, পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করছেন।

এদিকে, গ্রামের কেন্দ্রগুলোতে ধানের শীষ ও ফুটবল প্রতীকের প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের পোলিং এজেন্ট খুব একটা দেখা যায়নি। তবে জেলার কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে এই আসনের প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।

আরও