কুড়িগ্রামে ডিলারের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা। কিন্তু মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। উত্তোলনও আরো কম ছিল। ফলে সার না পাওয়ার শঙ্কা থেকে কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে গেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষকেরা একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিলেও বাকিগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ট্রেডার্সের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ পেলেও কৃষকদের দিতে গড়িমসি করছিলেন। তার মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা সার। এর মধ্যে গুদামে মজুদ ছিল ৩৪০ বস্তা। সকাল থেকে সারের জন্য ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ডিলার পয়েন্ট না খোলায় বিক্ষুব্ধ কৃষকেরা গুদামের দরজা ভেঙে সার নিয়ে যেতে শুরু করেন। এ সময় তারা ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামে থাকা অবশিষ্ট সার রক্ষা করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন বলেন, ‘ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা। কিন্তু মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। উত্তোলনও আরো কম ছিল। ফলে সার না পাওয়ার শঙ্কা থেকে কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে গেছেন।’

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের থামায়। কৃষকেরা ১৯৭ বস্তা সার নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।

আরও