মানিকগঞ্জ সদর উপজেলার রাজনগর গ্রামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে নিহতের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক শনিরাম মালো (৩২) ওই গ্রামের মৃত হরিদাস মালোর ছোট ছেলে।
পুলিশ, স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা গেছে, জেলা শহরের লক্ষ্মীমণ্ডপ এলাকার একটি মিষ্টির দোকানে কাজ করতেন শনিরাম। প্রায় ছয় বছর আগে বিয়ে করেন তিনি। বিয়ের একবছরের মধ্যেই তাদেরর বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন।
আজ বুধবার সকালে রাজনগর গ্রামে বাড়ির প্রায় আধাকিলোমিটার দূরে একটি ক্ষেতে শনিরামের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের চাচাতো ভাই মনোরঞ্জন মালো বলেন, আগের দিন (মঙ্গলবার) রাত আটটার দিকে গ্রামের একটি চায়ের দোকানে শনিরামের সঙ্গে তার কথা হয়। পরে তিনি বাড়িতে চলে যান।
নিহতের ভাতিজা বিকাশ মালো বলেন, রাত ১০ দিকে তার চাচা (শনিরাম) রাতের খাবার না খেয়েই ঘরে ঘুমাতে যান। রাত ২টার দিকে ঘরের দরজার বাইরে থেকে আটকানো (শেঁকল) ছিল। কিন্তু সেসময় ঘরের ভেতর তার চাচা ছিলেন না। সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা ঘটনাস্থলে চাচার মরদেহ পড়ে থাকার খবর পান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ এরফান আনছারী বলেন, মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের মারাত্মক ক্ষত রয়েছে। তার দুই হাতেরই কবজিতে বেশ কাটা রয়েছে।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা। তিনি বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে হত্যার রহস্য উদঘাটন জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।