সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলাকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহার এবং অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান ও অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
গতকাল সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, টুঙ্গিপাড়া প্রেসক্লাব, কোটালীপাড়া সাংবাদিক ফোরামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক পলাশ সিকদার, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সহসভাপতি কামরুল হাসান চান মিয়া সিকদার।
বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড তুলে ধরা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। কিন্তু অনিয়মের অভিযোগ খতিয়ে না দেখে বরং সংবাদ প্রকাশকারী সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে, যা অনুসন্ধানী সাংবাদিকতাকে ভয়ভীতি প্রদর্শনের একটি সুপরিকল্পিত অপচেষ্টা। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান।
তারা অভিযোগ করেন, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেনের তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
গত ৬ জুলাই আমার দেশ অনলাইনে ‘কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের বিভিন্ন অনিয়ম এবং কার্পেটিংয়ের নিম্নমানের চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশের একদিন পর, ৭ জুলাই, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় প্রায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত ১ হাজার ২৬৫ মিটার সড়কের রক্ষণাবেক্ষণ কাজের কার্যাদেশ পায় চুয়াডাঙ্গাভিত্তিক জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই সড়কের কার্পেটিং হাতের স্পর্শে উঠে যেতে শুরু করে। সড়কের বিভিন্ন স্থানে ধস ও ক্ষয় দেখা দেয়। এসব অভিযোগের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার পর সংবাদ প্রকাশকারী সাংবাদিকের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়।