উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধায় টানা কয়েক দিন ধরে ঘন কুয়াশা আর হিমালয়ের দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। নদীনালা বেষ্টিত এ অঞ্চলে প্রতিদিন তাপমাত্রা আরো কমছে, যা জনজীবনে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।
রংপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাইবান্ধায় গত তিন দিনে তাপমাত্রা ক্রমাগত কমছে। শনিবার (২৭ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান বণিক বার্তাকে জানিয়েছেন, এ অবস্থাকে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হচ্ছে।
ঘন কুয়াশার কারণে সন্ধ্যা থেকে শুরু হচ্ছে কুয়াশা, যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরো ঘন হয়ে বৃষ্টির মতো ঝরছে। দিনের বেলায়ও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কুয়াশার সঙ্গে হাড়কাঁপানো শীতল বাতাস জনজীবনকে করে তুলেছে স্থবির।
গ্রামের সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শ্রমজীবী মানুষ পেটের তাগিদে শীতের মধ্যেও কাজে বের হচ্ছেন। কেউ কেউ গবাদিপশুকে চটের বস্তা দিয়ে ঢেকে দিচ্ছেন।
অটোরিকশা চালকরা জানিয়েছেন, শীতের মধ্যেও সংসার চালাতে গাড়ি নিয়ে বের হতে হয়। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল গ্রামের অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক বলেন, এতগুলো কাপড় গায়ে দিয়েও শীত কমছে না। কিন্তু গাড়ি নিয়ে বের না হলে সংসার চলবে না। তাই গাড়ি নিয়ে বের হয়েছি।