অল্প সময়ে যেভাবে হাম ভ্যাকসিন সংগ্রহ করেছি, তা পৃথিবীর ইতিহাসে বিরল: স্বাস্থ্যমন্ত্রী

হাম-রুবেলা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হাম-রুবেলা মোকাবেলায় আমাদের হাতে কোনো ভ্যাকসিন ছিল না। খুব অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে ভ্যাকসিন সংগ্রহ করেছি, তা পৃথিবীর ইতিহাসে বিরল। এখন রোগীর সংখ্যা কমে আসছে। আগের সরকার টিকা সংগ্রহ কিংবা সচেতনতামূলক প্রচারণা কোনোটাই চালায়নি।

তিনি জানান, হামের সংক্রমণ পুরোপুরি বন্ধ হয়নি। শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে।

আজ সোমবার বরিশাল সফরে গিয়ে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

ডেঙ্গু মোকাবেলায় মোবাইল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমরা এরইমধ্যে প্রস্তুতি নিয়েছি। প্রতিরোধমূলক ব্যবস্থার দিকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। ডেঙ্গু মোকাবেলায় মোবাইল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

আগামী তিন থেকে চার মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা হবে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে লোকবলের সংকট মোকাবেলায় আগামী জুলাই থেকে ১ লাখ জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

এর আগে, সকাল ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী বরিশাল ১০০ শয্যার জেনারেল হাসপাতালে পৌঁছান। তিনি প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে চিকিৎসকদের হাজিরা খাতা দেখেন। তিনি হাসপাতালের পুরাতন ভবন ঘুরে দেখেন। পরিদর্শনকালে দায়িত্বে অবহেলার অভিযোগে এক টিকিট ক্লার্ককে ক্লোজড করা হয়। 

পরে তিনি বরিশাল শিশু হাসপাতাল ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন। 

আরও