মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদানের পরিধি বাড়াতে প্রস্তাবিত ২০২৬-২৭ বাজেটে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে। পাশাপাশি হজ ব্যবস্থাপনাকে আরো সাশ্রয়ী ও সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বাজেট প্রস্তাবে এসব তথ্য তুলে ধরেন তিনি। এদিন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি জানান, মসজিদের ক্ষেত্রে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মোট ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতকে মোট ৮ হাজার টাকা মাসিক ভিত্তিতে দেয়া হচ্ছে। এ পর্যন্ত মোট ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ৯ হাজার ৫২০ জনকে মাসিক সম্মানী ও উৎসব ভাতা দেয়া হয়েছে।