পূর্ব প্রস্তুতির কারণেই বর্তমান সরকার কয়েকটি দুর্যোগ সফলভাবে মোকাবেলা করেছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
গতকাল বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুরের অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, পূর্ব প্রস্তুতির কারণেই চলমান বেশ কয়েকটি দুর্যোগ মোকাবেলায় সফল হয়েছে শেখ হাসিনা সরকার। করোনা মহামারীতে সারা বিশ্ব নানা সংকটে পড়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কিন্তু বাংলাদেশ শুধু করোনা মোকাবেলা করেনি, সঙ্গে ঘূর্ণিঝড় আম্পান ও চলমান বন্যাও মোকাবেলা করছে। দুর্যোগে খাদ্য, চিকিৎসা, বস্ত্র ও বাসস্থান নিয়ে হাজির হয়েছে শেখ হাসিনা সরকার। খাদ্য ও স্বাস্থ্যসেবার পাশাপাশি অর্থসহায়তা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুর জেলার ৪০ জন অসচ্ছল সাংস্কৃতিক কর্মীর মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ
করা হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লভ ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংস্কৃতিক কর্মী আসাবুল ইসলাম প্রমুখ।