ঘন কুয়াশায় মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে তিনটি ফেরি। চার ঘাটে পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশায় বুধবার ভোর ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় পাটুরিয়াঘাটে ৪টি ও দৌলতদিয়াঘাটে ৩টি ফেরি আটকে রাখা হয়।
এদিকে, ঘন কুয়াশায় রাত তিনটা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ওই নৌরুটে মাঝ নদীতে আটকে পড়েছে তিনটি ফেরি। এছাড়া কাজিরহাট ঘাটে অপর একটি ফেরিকে আটকে রাখা হয়েছে বলে জানান ঘাট কর্তৃপক্ষ।
এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে তিন শতাধিক যানবাহন। এর মধ্যে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক। বাকিগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস।
আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম জানান, ঘন কুয়াশা প্রাকৃতিক বিষয়। কুয়াশা না কেটে যাওয়া পর্যন্ত ফেরি চালানো সম্ভব হবে না। কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।