নেত্রকোনায় ১১৮ লিটার তেল উদ্ধার

দূর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল বাজার এবং দূর্গাপুর বাজারে উপজেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান করেছে।

নেত্রকোনায় ১১৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তেল মজুতের অভিযোগে ও বেশি দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানাও করেছে অধিদফতর। এ সময় প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়া হয়। আজ রোববার দূর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল বাজার এবং দূর্গাপুর বাজারে উপজেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান করেছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে দূর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল বাজারের মোতালেব অয়েল মিলকে ৩৪০ লিটার বোতলজাত তেল খোলা সয়াবিন তেলের সাথে মিশিয়ে বেশি মূল্যে বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম কর্তৃক দূর্গাপুর বাজারের দীপ্ত এন্টারপ্রাইজকে সয়াবিন তেলের অবৈধ মজুদের জন্য ২০ টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত ১১৮ লিটার তেল পূর্বের মূল্যে উপস্থিত ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।  এ সময় অভিযানে সহযোগিতা করেন দূর্গাপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর। জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

আরও