পাবনায় সুচিত্রা সেনের প্রয়াণ দিবস পালিত

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুচিত্রা সেনের দ্বাদশ প্রয়াণ দিবস উপলক্ষে তার পৈতৃক নিবাস পাবনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়েছে।

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুচিত্রা সেনের দ্বাদশ প্রয়াণ দিবস উপলক্ষে তার পৈতৃক নিবাস পাবনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় পাবনা শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সংগ্রহশালায় স্থাপিত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রথমে নায়িকার আবক্ষে পুষ্প অর্পণের মধ্য দিয়ে তার আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জাফর সাদিক, সহসভাপতি ফরিদুল ইসলাম খোকন, অর্থ সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ, কার্যকরী সদস্য এবিএম ফজলুর রহমান, দপ্তর সম্পাদক শিশির ইসলাম। সভায় বক্তারা সুচিত্রা সেনের বর্ণাঢ্য জীবনের ওপর আলোকপাত করেন।

তারা বলেন, অভিনয় শৈলীর মাধ্যমে মানুষের মন জয় করেছেন সুচিত্রা সেন। উপমহাদেশের কিংবদন্তি নায়িকা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। বাংলা চলচ্চিত্রে সুচিত্রা সেনের অনবদ্য অবদান পাবনাবাসীর জন্য চিরকালই অত্যন্ত গর্বের বিষয়।

১৯৩১ সালের ৬ এপ্রিল সিরাজগঞ্জের ভাঙাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করা এ অভিনেত্রীর শৈশব ও কৈশোর কেটেছে পাবনা শহরেই। দেশভাগের ঠিক আগে সপরিবারে ভারতে পাড়ি জমানো সুচিত্রা ১৯৫৩-৭৮ সাল পর্যন্ত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এ মহানায়িকা। তার মৃত্যুর পর পাবনার পৈতৃক বাড়িটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়, যা বর্তমানে দেশী-বিদেশী পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ।

আরও