বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তা মো. কামরুল আহসান। এছাড়া অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাসহ শীর্ষ পাঁচটি পদে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত আইজিপি পদে সদ্য পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে এসবি প্রধান করা হয়েছে। সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান করা হয়েছে।
এছাড়া খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে এবং ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে।
সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকেও পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।