নেত্রকোনা সদরের চল্লিশা বাইপাস মোড়ে বাস চাপায় মা ও দুই মেয়ে মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি বাস চল্লিশা বাইপাস মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে স্থানীয়রা বাসের নিচ থেকে আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অন্য দুজনকে মৃত ঘোষণা করেন।
আহত চারজনের মধ্যে তিনজনের চিকিৎসা চলছে নেত্রকোনা সদর হাসপাতালে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, তিনজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। তাদের পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।