মাদারীপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে পিকআপ ও ট্রাকচালক দুজনেই নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে পিকআপ ও ট্রাকচালক দুজনেই নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

নিহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজরাপুর গ্রামের মো. ইসার ছেলে ও নিহত রায়হান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের মো. মোজাহার আলীর ছেলে।

পুলিশ জানায়, রোববার (৯ জুন) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের হাজী শরীয়াতুল্লাহ সেতু সংলগ্ন এলাকায় পাইপ বোঝাই একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি চিনি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ ও পিকআপটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক মো. উজ্জ্বল (৩৫) ও মো. রায়হান (২১) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ মহাসড়ক থেকে সরিয়ে থানা হেফাজতে রেখেছে।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকটি ধাক্কা দিলে পিকআপের পেছনে দাঁড়িয়ে থাকা পিকআপচালক ও ট্রাকের চালক দুজনেই নিহত হয়েছে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

আরও