রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২৬ কেজি ৭০০ গ্রাম।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে জেলার পিয়ার আলীর মোড় এলাকায় মাছটি ধরা পড়ে।
মাছটি দৌলতদিয়ার হালিম ফকিরের আড়তে আনলে উৎসুক জনতা ভিড় করেন। পরে নিলামে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩২ হাজার টাকায় কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া।
দৌলতদিয়ার আড়তদার হালিম ফকির বলেন, এখন পানি কম থাকায় বড় মাছগুলো খাদ্যের সন্ধানে নদীর কিনারায় আসছে যে কারণে জেলেদের জালে ধরা পড়ছে।
শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া বলেন, প্রায় ২৭ কেজি ওজনের বাঘাইড় মাছটি কিনে নেয়ার পর কেজি প্রতি ৫০ টাকা লাভে মোট সাড়ে ৩৩ হাজার ৩৭৫ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, এ বছর মাঝে মধ্যেই এমন বড় আকৃতির বিভিন্ন প্রকার মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।