চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দগ্ধ রোগী বিভাগে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ সকাল ১১টার দিকে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স সল্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন দিদারুল আলম (৩২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাটের মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)।
স্থানীয় সূত্র জানায়, শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে তারা দগ্ধ হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, দগ্ধ ১০ শ্রমিকের চিকিৎসা চলছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কনফিডেন্স সল্ট লিমিটেডের বিপণন বিভাগের প্রধান সরদার নওশাদ ইমতিয়াজ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দগ্ধদের চিকিৎসার বিষয়টি প্রতিষ্ঠান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। কোম্পানির পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সহায়তা দেয়া হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হবে।